
এফএনএস ( শাহরিয়ার মিল্টন; শেরপুর) : খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমানে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। তবে চালের এই দাম বৃদ্ধি নিয়ে সরকার চিন্তিত নয়। সরকারের হাতে পর্যন্ত খাদ্য মজুদ রয়েছে। প্রয়োজনে এই মজুদ খাদ্য বাজারে ছেড়ে চালের দাম নিয়ন্ত্রণ করা হবে। মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার আগে দেশে খাদ্য ঘাটতি ছিল। সরকারের ৪ বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের খাদ্যের যে মজুদ আছে তাতে দেশে যেকোন প্রাকৃতিক দূর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, খরা হলে আমরা তা মোকবেলা করতে পারবো।
খাদ্যমন্ত্রী ২৩ ফেব্রুয়ারী শনিবার সকালে শেরপুরে জেলা চালকল মালিক সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে চাল কল মালিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার আলী আহমদ, জেলা চাল কল মালিক সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান রওশন বক্তব্য রাখেন।
এর আগে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শেরপর জেলা এলএসডি খাদ্য গুদামের প্রায় এক কোটি টাকা ব্যায়ে এক হাজার মে.টন ধারণ ক্ষমতার নবনির্মিত খাদ্যগুদাম উদ্বোধন করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন 'আওয়ামী লীগ গনতান্ত্রিক দল, সকল রাজনৈতিক দলের মতামতকে শ্রদ্ধা করে। তবে কেউ দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করলে আমরা তা বরদাস্ত করবো না।' সাাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল সারা দেশে জামায়াত শিবির তান্ডব চালিয়েছে। তারা মসজিদে আগুন দিয়েছে, বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাংচুর করেছে। জামায়াতে ইসলামী একাত্তুরে ধর্মের দোহাই দিয়ে বিভাজন করার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। এবার তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে তাদের এ অপচেষ্টাকে জনগন প্রতিহত করবে।
পরে তিনি শেরপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি ভীমগঞ্জ এলাকায় আতিউর রহমান মডেল কলেজ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের কালির বাজার মা ভবতারা মন্দিরের ৮ দিনব্যপি নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় তার সাথে শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক মোঃ আবদুল হালিম, পুলিশ সুপার আনিসুর রহামনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেরপুরে প্রথামিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
এফএনএস ( শাহরিয়ার মিল্টন; শেরপুর) : ব্যাপক উৎসব মুখর পরিবেশে আজ শনিবার প্রাথমিক বিদ্যালয়েরর শিক্ষার্থীদের 'স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন' অনু্িষ্ঠত হয়েছে শেরপুরে। নির্বাচনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসার পর্যন্ত দায়িত্বে ছিলেন স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। বেলা ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলে এক টানা ভোট গ্রহন। সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় চত্বর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পোষ্ঠার ও লিফলিট দিয়ে সাজানো হয়। ভোটাররাও বেশ শান্তি পূর্ণভাবে লাইনে দাড়িয়ে তাদের ইচ্ছে মতো এবং সাচ্ছন্দে তাদের পছন্দের প্রাথীকে ভোট দেন। বেলা সারে ১২ টায় সদরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দেখা গেছে ব্যপক উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন করা হচ্ছে। ওই স্কুলে মোট ২৫৭ জন ভোটার ভোট দেয়। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে মোট ৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, শনিবার শেরপুর জেলার ৫ উপজেলার মধ্যে সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার সরকারী, রিজিস্টার ও বেসরকারী বিদ্যালয়ের মোট ৪৬৭ টি স্কুলে ভোট গ্রহন করা হয়। আগামীকাল জেলার শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।