
এফএনএস : নিখোঁজ হওয়ার দুদিন পর নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন একটি খালে তানভিড়ের লাশ পাওয়া যায়। খবর পেয়ে নিজেই ছেলের লাশ শনাক্ত করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলছেন, তানভীরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শহরের চাষাঢ়ার ইংরেজি মাধ্যমের স্কুল এবিসি ইন্টারন্যাশনাল থেকে এ বছর ও লেভেল পরীক্ষায় অংশ নেয় তানভীর। বৃহস্পতিবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে কৃতীত্বের সঙ্গে উত্তীর্ণ হয় এই কিশোর। তার বাবা রফিউর রাব্বি সাংবাদিকদের জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট রোডের বাসা থেকে বের হয় তানভীর। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে র্যাব ও পুলিশকে লিখিতভাবে জানান রাব্বি।
নারায়ণগঞ্জ জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম জানান, গতকার শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নদী পাশের খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের পর রফিউর রাব্বি নিজে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে। তানভিড়ের ডান চোখে আঘাতের চিহ্ন ও মুখে কালো দাগ ছিল বলে হাফিজুল ইসলাম জানান। এদিকে তানভিরের লাশ উদ্ধারের খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তার চাচা কবি ওয়াহিদ রেজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরতো কোনো শত্রু ছিল না। এ রকম একটা ছেলেকে যারা হত্যা করলো- প্রশাসন যেন তাদের বিচার করে। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তানভীরকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তানভিড়ের লাশ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারাও নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে ছুটে আসেন। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, তানভীর নিখোঁজ হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হলেও তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়েছে। সরকারকে এ হত্যারহস্য উন্মোচন করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের বলেন, এ মৃত্যু স্বাভাবিক নয়। এই মৃত্যু নারায়ণগঞ্জবাসীর কাম্য নয়। রাব্বি গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা। তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনীদের গ্রেপ্তারের দাবি জানান মেয়র। তানভিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুরে শহরের চাষাড়া এলাকায় কালো পতাকা হাতে মিছিল করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন। নারায়ণগঞ্জের বাস ভাড়া কমানোর আন্দোলনসহ বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে রাব্বি ছিলেন সোচ্চার। তার ছেলের এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন প্রদীপ।
গত ৫ ফেব্রয়ারি ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরুর পর যাদের উদ্যোগে নারায়ণগঞ্জ এই আন্দোনে শামিল হয়, রফিউর রাব্বি তাদের অন্যতম। নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিভিন্ন সমাবেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জোরালো বক্তব্য রাখেন তিনি। গত ১৫ ফেব্রয়ারি রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে খুন হন শাহবাগের জাগরণমঞ্চের সক্রিয় কর্মী ব্লগার আহমেদ রাজিব হায়দার। ওই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা হত্যাকাণ্ড সংঘটনের কথা স্বীকারও করেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই পাঁচ ছাত্রের স্বীকারোক্তি, ব্লগে কথিত ইসলামবিরোধী লেখালেখির জন্য তারা রাজিবকে হত্যা করেন এবং তাদের প্ররোচিত করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতা। এরপর গত ২ মার্চ সিলেটের আখালিয়ায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জগৎজ্যোতি তালুকদার।
এ ঘটনায় মহানগর জামায়াতের নায়েবে আমীর ও শিবির সভাপতিসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আর বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সানিউর রহমান (২৮) নামের এক ব্লগার। তিনি শাহবাগ আন্দোলনেরও কর্মী ছিলেন বলে জানিয়েছেন ব্লগার আসিফ মহিউদ্দীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সানিউর সাংবাদিকদের বলেন, যারা তার হামলা চালিয়েছে তাদের মুখে ছিল দাড়ি, গায়ে পাঞ্জাবি।