এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে জামালপুরের দলিল লেখকরা রোববার বিক্ষোভ মিছিল ও কর্মবিরতী পালন করেছে। সকালে জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিস চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে দলিল লেখকরা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারন সম্পাদক শেলু আকন্দ, জেলা শাখার সভাপতি আরজু আকন্দ, সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ ও দলিল লেখক বাবুল মিয়া।
জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিসসহ জেলার ৭টি উপজেলার ৬৩২ জন দলিল লেখক এই কর্মসূচি পালন করছে।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন দাবি করেছে বিভিন্ন ক্লাব, সংগঠন ও ক্রীড়া সংগঠকরা।
রোববার দুপুরে জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠকরা অভিযোগ করেন, ২০১১ সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে। এর পর ৯০ দিনের জন্য এডহক কমিটি গঠন করা হয়। অগঠনতান্ত্রিকভাবে এডহক কমিটির মেয়াদ একাধিকবার বৃদ্ধি করে নির্বাচন দেয়া হচ্ছে না। নির্বাচিত কমিটি না থাকায় বর্তমানে ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। নির্বাচনের দাবিতে জেলার ৮৮টি ক্লাবের মধ্যে ৮৩টি ক্লাব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেছে। কিন্তু রহস্যজনক কারনে নির্বাচন দেয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও জামালপুর মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও কাচারীপাড়া ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন শান্ত।