
এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : রংপুরের পীরগাছা এবং মিঠাপুকুর উপজেলায় পাঁচ জামায়াতনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানাগেছে, গত ২৮ ফেব্রয়ারি জামায়াত-শিবিরের সহিংসতা এবং তাদের হামলা এবং গুলিতে পীরগাছা থানার সাত পুলিশ আহত হন। এদের মধ্যে কনসটেবল মোজাহার আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর পুলিশ অভিযান চালিয়ে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন জামায়াতের আমীর ও সাতদরগা মাদ্রাসার সুপার আবদুর রহমান, জামায়াতনেতা নুরুল ইসলাম এবং আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে।
এছাড়া মিঠাপুকুর উপজেলায় জামায়াত-শিবির পুলিশ ও বিজিবির উপর হামলা চালায়। পুলিশ উপজেলার বুজগর সন্তোষপুর কারামতিয়া ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোকাররম হোসেন ও মাঝগ্রাম এবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক জামায়াতনেতা হারেছ উদ্দিনকে গ্রেফতার করে।