তাজা খবর : 
 
 
সরকার জনকল্যানে বিদ্যুৎ-খাদ্য-শিক্ষা, যোগাযোগ কৃষি-স্বাস্থ্যসহ সকলক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : ভূমি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, জেলার সকল কর্মকর্তা তার সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি দেশের কল্যানে কাজ করে যাবে। যদি কোন কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেন বা দেশ বিরোধী ষড়যন্ত্রে গোপনে থাকেন তবে ঐ পদ থেকে সরে আসার আহবান জানান। গতকাল রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন সরকার জনকল্যানে বিদ্যুৎ-খাদ্য-শিক্ষা, যোগাযোগ-কৃষি-স্বাস্থ্যসহ সকলক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। এই দেশে জামায়াত-বিএনপি ঐক্যবদ্ধ হয়ে জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্বক কাজে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার জনগনের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। সরকারের সামর্থ অনুযায়ী দুস্কৃতিকারী জামায়াত-শিবির এবং তাদের দোসরদের বিরুদ্ধে আইন প্রয়োগ করবে। এজন্য সরকারী কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রেখে দেশ পরিচালনায় সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে। সরকার তার সময়ে যুদ্ধাপরাধীদের বিচার করবে ইন্শাআল্লাহ। দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী'র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ দেলোয়ার বক্স, এডিসি জেনারেল মোঃ আব্দুল মালেক, জেলা পরিষদের প্রশসক আজিজুল ইমাম চৌধুরী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজিবর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, এলজিইডি দিনাজপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক প্রমুখ। উক্ত জেলা সমন্বয় কমিটির সভায় দিনাজপুরের বিভিন্ন সরকারী অফিসের প্রধানগন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।  

চাকুরী জাতীয়করণের দাবীতে দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিক্ষোভ
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : চাকুরী জাতীয়করণের দাবীতে বেসরকারী স্কুল-কলেজ-মাদরাসা শিক্ষকদের দাবী আদায়ের সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা গতকাল বিক্ষোভ মিছিল বের করে।
গতকাল সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসুচি হিসেবে রংপুর বিভাগীয় সদস্য সচিব ও জেলা আহ্বায়ক অধ্যাপক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি শহরের লিলি মোড় জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দাবী মোদের একটাই চাকুরী জাতীয়করণ চাই শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ডাকা বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেয় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী বাবু, মাশিসের জেলা সদস্য সচিব মিজানুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদর উপজেলা সভাপতি মাহমুদুল হক সাবু, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, স্কুল শিক্ষক সমিতির আহ্বায়ক আশরাফুল আলম ও শিক্ষক নেতা ফজলুল ক্িরম, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমুখ।

পৌর কাউন্সিলর সুমন ও খোকাকে লাঞ্চিত করার ঘটনায়
মাসিক সভায় দিনাজপুর পৌর মেয়রসহ সকল কাউন্সিলরদের নিন্দা জ্ঞাপন ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন ও রেহাতুল ইসলাম খোকাকে লাঞ্চিত করার ঘটনায় পরিষদের মাসিক সাধারণ সভায় দিনাজপুর পৌর মেয়রসহ সকল কাউন্সিলর নিন্দা জ্ঞাপনসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
গতকাল ১০ মার্চ'১৩ রবিবার বেলা ১২টায় পৌরসভার কার্যালয়ে ফেব্রুয়ারী মাসের মাসিক মুলতবি সাধারণ সভায় মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত উপরোক্ত ঘটনার সিদ্ধান্তে কাউন্সিলর আহমেদুজ্জামান ডাবলু ও মুরাদ আহম্মেদ জানান, গত ৪ মার্চ'১৩ইং তারিখে শহরের উত্তর বালুবাড়িস্থ জনৈক মোঃ আবুবকর সিদ্দিক'র বাড়ীতে পারিবারিক সালিশ করতে গেলে স্থানীয় কাউন্সিলর ফয়সল হাবিব সুমন ও রেহাতুল ইসলাম খোকা স্থানীয় যুবকদের দ্বারা লাঞ্চিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে পৌর পরিষদের সভায় বিস্তারিত আলোচনান্তে অনাকাঙ্খিত ঘটনার জন্য উপস্থিত সকলেই নিন্দা জ্ঞাপনসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী দিবস
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার কাম-টু-সেভ (সিটিএস) তার কর্ম এলাকার খানসামা ও চিরিরবন্দর উপজেলায় বাক্  ও শ্রবণ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে সিটিএস তার কর্ম এলাকায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা মূলক সভা ও র‌্যালী কর্মসূচী পালন করে। “সুন্দর জীবনের জন্য চাই স্বাস্থ্য শ্রবণ ক্ষমতা, প্রবীনদের জন্য প্রয়োজন শ্রবণ স্বাস্থ্য পরিচর্যা”- এই শ্লোগানকে সামনে রেখেই ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুনীল কুমার সাহা, রণজিত কুমার বিশ্বাস এর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে এবং আলোচনা সভায় প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। এ সময় সিটিএস-এর কর্মীরা বাক্ ও শ্রবণ ব্যক্তিদের বিষয় নানা ধরনের সচেতনতা মূলক প্রচার পত্র বিলি ও মাইকিং করে শ্লোগান দেয়।

পার্বতীপুরে ধর্ষনের শিকার হলেন গৃহবধু
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : পার্বতীপুরে ধর্ষনের শিকার হলেন এক গৃহবধু। আজ রবিবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে গতকাল শনিবার রাতে ধর্ষিতা নিজেই বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।
মাামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্র“য়ারী রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হরিরামপুর ইউনিয়নের দলাইকোটা গ্রামের এক গৃহবধু (৪৫) বাড়ী থেকে বের হয়। এসময় ওঁত পেতে থাকা লক্ষি হোসেনপুর গ্রামের কাদেরের পুত্র আকমল হোসেন (৩০) সরিষা ক্ষেতে নিয়ে তাকে ধর্ষন করে। ধর্ষিতার আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধর্ষককে আটক করে। এসময় ধর্ষকের পিতাসহ তার দুই ভাই মছমল হোসেন  (২৮) ও রাজ্জাক (২৫)  ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়। ধর্ষিতা জানান, স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার কথা বলে অভিযুক্তরা কালক্ষেপন করায় তার মামলা করতে বিলম্ব হয়েছে। এব্যাপারে পার্বতীপুর মডেল থানায় অফিসার ইনচার্জ শওকত আলী জানান গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার দিনাজপুরে পাঠানো হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার আন্তর্জাতিক নারী দিবসের ব্যাপক কর্মসূচী পালিত
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর দিবসটি উদ্যাপনের লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর -এর চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বালুবাড়ী অস্থায়ী কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন বলেন আন্তর্জাতিক নারী দিবস তখনই স্বার্থক হবে যখন নারীরা শিক্ষায় এবং কর্মদক্ষতায় নিজেকে গড়ে তুলতে পারবে। নারীর ক্ষমতায়ন ও অর্থনীতি মুক্তি আনতে গেলে নারীদের স্বাবলম্বী হতে হবে। আমরা সেই স্থানে নারীদের দাড় করিয়ে দিতে চাই তারা যেন নিজেদেরকে স্বনির্ভর করতে পারে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার কার্যনির্বাহী সদস্য ছবি সিনহা, আফরোজা আমিন, জেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হামিদসহ কর্মকর্তা-কর্মচারী এবং সকল ট্রেডের প্রশিক্ষনার্থীবৃন্দ। সভা পরিচালনা করেন নাজনীন বেগম।

পার্বতীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে রোববার সকালে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আনুমানিক ২০/২২ বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাজু মিয়া জানান, নীলফামারী থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে পার্বতীপুর রেলষ্টেশনে প্রবেশের পুর্বমুহুর্তে লোকোশেডের সামনে হোম সিঙ্গালের নিকট চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা ২০/২২ বছর বয়সের এক যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে জিআরপি থানায় একটি অস্বাভাবিক মামলা হয়েছে।

খানসামায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি ঘরসহ ছাগল পুড়ে ছাই
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুর সদরের মহেশকোঠায় ও খানসামায় অগ্নিকান্ডে ১৫টি ঘর ও ২টি খড়ের গাদা পুড়ে ছাই। গত শনিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। খবর পেয়ে ফায়ার সার্ভিস না আসায় এলাকাবাসীরা বিক্ষোভ করেছে।
খানসামা ইউএনও রবিবার ক্ষতিগ্রস্থপরিবারের মাঝে সরকারী ত্রাণ তহবিল থেকে নগদ ১২হাজার টাকা বিতরণ করেন।  
এলাকাবাসী জানায়, গত শনিবার গভীর রাতে খানসামার ভেড়ভেড়ী ইউপির হোসেনপুর গ্রামের সখিউদ্দিনপাড়ার বাসিন্দা সাইদুল ইসলাম কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। সেই কয়েল হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় স্থানীয় অনেকেই দিনাজপুর ফায়ার সার্ভিস অফিসে ফোনে বিষয়টি অবহিত করলে পার্শ্ববর্তী নীলফামারী ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করতে বলেন। নীলফামারী ফায়ার সার্ভিস অফিসে ফোনে কথা বললে সৈয়দপুর থেকে সহযোগিতা নিতে বলে। সৈয়দপুরে ফোন করলে বলে বাইরের জেলায় যাওয়ার আমাদের কোন সুযোগ নেই। দমকল বাহিনীর রশি টানাটানিতে অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অপরদিকে সদরের চেরাডাঙ্গি মহেশ কোঠা গ্রামের জয়নুল আবেদীনের ২টি খড়ের গাদায় আগুন লাগে। সময়মত ফায়ার সার্ভিস এসে পৌছালে বাড়ী আগুন থেকে রক্ষা পায়।
খানসামার হোসেনপুরের এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিসের অসহযোগিতার কারণেই ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এতে ৭টি ছাগল, নগদ অর্থ, প্রয়োজনীয় দলিল, কাগজপত্র, ঘর বাড়ি সহ সবমিলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
এ ব্যাপারে দিনাজপুর ফায়ার সার্ভিসের মুর্শেদ জানান, খানসামায় আগুন লাগার পূর্ব মূহুর্তে সদরের মহেশকোঠা গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ী আগুন নিভাতে যায়। এখানে আগুন নিভানোর মূহুর্তে খানসামায় অগ্নিকান্ডের খবর পায়। এসময় যাওয়া সম্ভব না হওয়ায় খানসামার কাছাকাছি নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করতে বলি এবং আমরাও ফোনে তাদেরকে জানিয়ে দেয়।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলাম গতকাল রবিবার সকাল ৮টায় ক্ষতিগ্রস্থপরিবারের মাঝে সরকারী ত্রাণ তহবিল থেকে নগদ ১২হাজার টাকা বিতরণ করেন।  
ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হক সিরাজী প্রত্যেক পরিবারের মাঝে চাউল, ডাল, লবণ, তেল বিতরণ করেন। এ সময় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে উক্ত ফায়ার সার্ভিস অফিসগুলির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।





  আপলোড তারিখ : 2013-03-10

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত