
এফএনএস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে সরকার সন্ত্রাস দমনের নাম করে পাড়া-মহল্লা, থানা-উপজেলা-জেলায় সন্ত্রাস দমন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। উদ্দেশ্য সন্ত্রাস দমন নয়, বিরোধী দলকে দমন করা। সন্ত্রাস দমন করার জন্য সরকারের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীই রয়েছে। সেখানে আলাদা করে কমিটি গঠনের কোনো প্রয়োজন নেই। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদি ছাত্রদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নিজেরা সন্ত্রাস করে আমাদের দমনের জন্য এখন কমিটি গঠন করছেন। আমরাও আত্মরক্ষার জন্য 'কমিটি ফর পাবলিক সেফটি' গঠনের ঘোষণা দিয়েছি।
এর ফলে দেশে কোনো 'সংঘাতময়' পরিবেশ সৃষ্টি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। খন্দকার মোশাররফ বলেন, তৎকালীন সরকারের নির্মম নির্যাতনে তারেক রহমান সুদূর লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। হতাশ হওয়ার কিছু নেই, সেখান থেকে তিনি ছাত্রদলকে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপিকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। নির্দলীয় সরকারের দাবি প্রসঙ্গে বলেন, আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে-এটাই দেশের বড় সংকটের কারণ। আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই, আওয়ামী লীগ কিংবা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপিসহ বিরোধী দল অংশ নেবে না। কিন্তু সরকার এতে কর্ণপাত করছে না। তারা চলমান পরিস্থিতিকে সংকট মনে করছে না।
বিএনপির মিছিল ও সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এর আগে সরকারের পুলিশ-র্যাবসহ আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা এদেশে ধর্মপ্রাণ মসুল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যা চালিয়েছে। এখন বিএনপির ওপরও একই কায়দায় তারা গুলিবর্ষণ শুরু করেছে। এভাবে সরকার পায়ে পারা দিকে ঝগড়া বাঁধিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্র দল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী আবেদন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।