
এফএনএস (মাহফুজুল ইসলাম রিপন; পার্বতীপুর, দিনাজপুর) : ঢাকার নয়াপল্টনের বিএনপির ডাকা শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিত পুলিশি হামলা ও সমাবেশ পন্ড করার প্রতিবাদে আজ মঙ্গলবার পার্বতীপুরে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সকাল ১০টায় হরতালের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বে ১৮ দলীয় ঐক্যজোটের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পার্বতীপুরে হরতাল চলাকালীন সময়ে শহরের দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল। বাস, ট্রাক, ট্রাক্টর, মটর সাইকেল, টেম্পুসহ যানবাহন চলাচল বন্ধ ছিল।
এদিকে, পার্বতীপুর-দিনাজপুর সড়কের ভবের বাজার ও যশাই মোড় নামক স্থানে ১৮ দলীয় নেতা কর্মীরা রাস্তায় গুড়ি ফেলে অবরোধ করে। এসময় ভবের বাজার ও যশাই মোড় নামক স্থানের দোকানপাট বন্ধ ছিল। অপরদিকে, বৃহত্তর রেল জংশন পার্বতীপুর রেল স্টেশন থেকে স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করেছে বলে স্টেশন মাস্টার শেখ আবদুল জব্বার জানিয়েছেন।