তাজা খবর : 
 
 
ভিটামিন এ ক্যাপসুল ও কৃমি নাশক ওষুধ নিয়ে ব্যাপক গুজব দিনাজপুরে কোন শিশু মারা যায়নি
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমি নাশক ওষুধ খাওয়ার কারণে দিনাজপুরে শিশুর প্রাণহানি হয়েছে বলে মঙ্গলবার রাতে ব্যাপকহারে যে প্রচার-প্রচারনা হয়েছে তাকে নিছক গুজব হিসেবে অভিহিত করেছেন দিনাজপুরের স্বাস্থ্য বিভাগ।
সারাদেশের ন্যায় দিনাজপুরেও মঙ্গলবার ভিটামিন এ ক্যাপসুল ও কৃমি নাশক ঔষধ খাওয়ানো হয় প্রায় ৪ লাখ ভিটামিন এ ক্যাপসুল ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের মাঝে ও ২ বছর থেকে ৫ বছর বয়সী প্রায় ৩ লাখ শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয় ওই দিন। কিন্তু সন্ধ্যা হতে না হতেই ওই দিন দিনাজপুর জেলায় ছড়িয়ে পড়ে যে, এ ক্যাপসুল ও কৃমি নাশক ওষুধ খেয়ে বহু শিশু মারা গেছে।
কেউ কেউ জানান, কাহারোলের, বীরগঞ্জে, রানীরবন্দরে শিশু মারা গেছে। কিন্তু কোন শিশু মারা গেছেন বলে সাংবাদিকরা জানতে পারেননি। তবে কৃমি নাশক ওষুধ খাওয়ার জন্য কোন কোন শিশুর মাঝে সামান্য অসুস্থতার লক্ষণ দেখা যায়।
চিকিৎসকরা জানান, খালি পেটে কৃমি নাশক ওষুধ খেলে এধরনের সামান্য অসুস্থ্যতা দেখা দেয়। তবে এটা আশংকাজনক কিছু নয়।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মউদুদ হোসেন জানান, ওষুধ খাওয়ানোর পর শিশু মৃত্যুর গুজব তিনিও শুনেছেন। কিন্তু এটা গুজবই। এধরনের ওষুধ খেয়ে কারো মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই গুজবে কান না দেয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
বীরগঞ্জে ভিটামিন 'এ'ক্যাপসুল খাওয়নোর পর  বিভিন্ন গুজবে আতংকিত অভিভাবকরা তাদের শিশুকে নিয়ে হাসপাতালে ভিড় করে। দুই দিনে শতাধিক শিশু হাসপাতালে স্বাস্থ্য সেবা গ্রহণ। ৫ জনকে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা হলো, সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের শান্তনা রায়ের পুত্র জয় রায় (৩), ধীরাজ রায়ের পুত্র কন্যা অর্পিতা (৮ মাস), রতন রায়ের পুত্র পার্থ রায় (৩),  কার্তিক রায়ের কন্যা ভূলী রায় (২) ও রমনাথ রায়ের পুত্র নিলয় (২)।
 উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মোঃ জুয়েল রানা ও স্ত্রীসহ গত বুধবার দুপুরে ২ বছর ৩ মাস বয়সী একমাত্র সন্তান বাধনকে নিয়ে আতংকিত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছেন। তিনি জানান তার সন্তানকে ভিটামিন 'এ'ক্যাপসুল খাওয়নোর কোন সমস্যা হয়নি। তবে প্রতিবেশীদের কাছে বিভিন্ন ধরনের কথা শুনে আতংকিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছেন। ভাল থাকার জন্যই সন্ত্রানকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ালাম, আর সেই ঔষধ খেয়ে সন্তানের যদি কিছু একটা হয়ে যায় তাই হাসপাতালে এলাম। পৌর সভা ও উপজেলার ১১টি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামের অবস্থা এরকম। সকলেই বিভিন্ন গুজবে আতংকিত।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসিফ আনোয়ার জানান, বর্তমানে ঋতু পরিবর্তনের কারণে স্বাভাবিক নিয়মে কিছু শিশু অসুস্থ্য হচ্ছে। কিন্তু একটি মহল এটিকে  ভিটামিন 'এ' ক্যাপসুলের প্রতিক্রিয়া বলে সাধারণ মানুষকে আতংকিত করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু সাঈদ মোঃ রফিকুজ্জামান জানান, ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়নোর পর  বিভিন্ন গুজবে আতংকিত ৫০ জন শিশুকে গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। আজ (বুধবার) এ পর্যন্ত প্রায় ৫০ জন শিশুকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। তবে এদের মধ্যে ৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোন শিশুর মৃত্যু ঘটেনি। তিনি আতংকিত না হওয়ার জন্য এবং যে কোন স্বাস্থ্য সেবার জন্য তাদের সাথে যোগাযোগ করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

বিরলে গৃহবধূর মৃত্যু নিয়ে গুঞ্জন
হত্যা না আত্মহত্যা !
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : বিরলে গৃহবধূর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকে মনে করছেন গৃহবধূর মৃত্যু হত্যা না আত্মহত্যা।
গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমলেপ্লক্স থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ গৃহবধূ উপজেলার ধর্মপুর ইউপি'র বামনগাঁয়ের নজেন চন্দ্র সরকারের স্ত্রী ভূলো রাণী (৩২)।  ঘটনার পর থেকে স্বামী নজেন পলাতক রয়েছে। থানায় ইউ,ডি মামলা দায়ের।
জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টায় স্ত্রী ভুলো রাণী বিষপান করেছে বলে নজেন প্রতিবেশীদের চিৎকার দিয়ে ডাকাডাকি করে। এসময় প্রতিবেশী খুশিরাম ও নয়ন বাড়ী থেকে বের হয়ে দ্রুত এ্যাম্বুলেন্সে সংবাদ দিলে এ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুলোকে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক ভূলো রাণীকে মৃত ঘোষনা করে। লাশ হাসপাতালের বারান্দায় রেখে দেয়া হলে সকাল ১১ টার দিকে পুলিশ গিয়ে ঐ লাশ উদ্ধার করে।
এব্যাপারে বিরল থানার এসআই শাহাবুদ্দিন সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
এদিকে ঐ ইউপি'র সংরক্ষিত মহিলা সদস্য গয়া রাণী জানান, ভূলো রাণীকে পারিবারিকভাবে প্রায়ই নির্যাতন করা হত। তাঁরা নিঃসন্তান ছিলেন।
অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, মৃতদেহ নিয়ে বিতর্ক রয়েছে। তাই ময়না তদন্ত সাপেক্ষে মৃতদেহ হস্তান্তর করা হবে।

দিনাজপুরে ১২ বোতল ফেন্সিডিলসহ
 ব্যবসায়ী আটক
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ১২বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছে।
মাদকদ্রব্য অফিস সুত্রে জানা গেছে, গতকাল বুধবার দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদর্প্ত'র সদর সার্কেল গোপন সুত্রে অভিযান চালিয়ে পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবী'র নেতৃত্বে বিভাগীয় স্টাফরা শহরের দঃবালুবাড়ির লাইনপাড় হতে মোঃ মনসুর আলী'র পুত্র মাদক ব্যবসায়ী বিপ্লব (২৮) কে তার বাসা হতে ১২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরিদর্শক বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে ১৯ (১) এর ৩ (ক) ধারায় একটি মামলা করে পুলিশের কাছে সোপর্দ করে। মামলা নং-২২, তারিখ-১৩/০৩/১৩ইং।



  আপলোড তারিখ : 2013-03-13

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত