|
পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী

এফএনএস অর্থনীতি : গত কয়েক দিনে দেশজুড়ে সহিংসতার প্রভাবে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে। হরতালের কারণে সরবরাহ কমার পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা। দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকলেও ভারতীয় পেঁয়াজের সরবরাহ সংকটে বাজার ফের অস্থির হওয়ার আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার কারণে স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক আসছে না। অনেক পরিবহন মালিক পণ্য পরিবহনে নিয়োজিত থাকলেও ভাড়া হাঁকছেন বেশি। এ কারণেও পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। বাজার ঘুরে দেখা গেছে, গতকাল খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে ভালো মানের নাসিক (ভারতীয়) জাতের পেঁয়াজ বিক্রি হয় ৩৭ টাকায়। বৃহস্পতিবার একই মানের পেঁয়াজের পাইকারি দাম ছিল ৩২ টাকা। অন্যদিকে ভারত থেকে আমদানি করা সুখসাগর জাতের পেঁয়াজ বিক্রি হয় ২৬ টাকায়। এছাড়া দেশীয় মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হয় ২২ টাকা কেজি দরে। এর মধ্যে সুখসাগর ও দেশীয় জাতের পেঁয়াজের দর বেড়েছে কেজিপ্রতি ৩ টাকা। প্রসঙ্গত, দুই মাস আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণায় দেশের পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। এ সময় পাইকারি পর্যায়ে কেজিপ্রতি পেঁয়াজ ৪৫-৪৮ টাকায় বিক্রি হয়। তবে বর্তমানে দেশে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় এর বাজার কিছুটা হলেও স্বাভাবিক হয়ে আসে। সাম্প্রতিক সহিংসতা ও হরতালের কারণে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। খাতুনগঞ্জের কাঁচাপণ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, এক সপ্তাহ ধরে স্থলবন্দরসহ দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ ছাড়াও বিভিন্ন কাঁচাপণ্য পরিবহন নিয়ে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে। গত বুধবার ভোমরা স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ নিয়ে আসা ট্রাক গতকাল শনিবার খাতুনগঞ্জে প্রবেশ করে। এতে ট্রাকের মালপত্র নষ্ট হওয়ার পাশাপাশি পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দেয়। তিনি আরো বলেন, দুই সপ্তাহ আগেও স্থলবন্দর থেকে মাত্র ২২-২৫ হাজার টাকায় খাতুনগঞ্জে ট্রাক আসত। বর্তমানে পণ্য পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি অনেক ট্রাক মালিক দেশের অস্থিরতার কারণে ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে বাজারে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে কয়েক দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম বেড়ে গেছে। খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, টানা তিন দিনের হরতালের কারণে অনেক প্রতিষ্ঠানে পেঁয়াজ মজুদের প্রবণতাও বেড়েছে। বাজারে চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ কম থাকায় স্বাভাবিকভাবেই বাজার ঊর্ধ্বমুখী। তবে হরতালের মতো কর্মসূচি কমে গেলে বাজার স্বাভাবিক হয়ে আসতে পারে বলে ব্যবসায়ীরা আশা করছেন। ব্যবসায়ীরা আরো বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ উত্তোলন মৌসুম শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ সময় দেশের বাজারে পেঁয়াজের দাম নিম্নগামী হয়ে যেত। তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভারতীয় পেঁয়াজ সরবরাহ কম হওয়ায় বাজারে প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা। খাতুনগঞ্জের মেসার্স মদিনা করপোরেশনের ব্যবস্থাপক বিশ্বজিৎ দে বণিক বার্তাকে বলেন, কয়েক দিনের সহিংসতায় বেনাপোল, হিলি, ভোমরা স্থলবন্দর থেকে পেঁয়াজের সরবরাহ একেবারেই কমে যায়। এ সময় পেঁয়াজবাহী ট্রাকগুলো দেশের বিভিন্ন জেলায় আটকে ছিল। শুক্রবার রাতে আটকে থাকা প্রায় ২০ ট্রাক পেঁয়াজ খাতুনগঞ্জে আসায় বাজার এখন স্বাভাবিক রয়েছে, না হলে দাম আরো বাড়ত বলে তিনি মনে করেন।
আপলোড তারিখ :
2013-03-27
|