|
৪৭ লক্ষ টাকা ব্যয়ে চাতল বিদ্যালয় ও ছাতলীবন্দ ড্রেনের উদ্বোধনশিক্ষা হচ্ছে আলোকিত মানুষ

এফএনএস (আফরোজ খান;সিলেট) :সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, দেশ আমার আপনার সকলের। দেশ রক্ষার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। হরতাল আমরাও করেছি। কিন্তু পরীক্ষার সময় হরতাল দেই নাই। কারণে অকারণে হরতাল ডেকে সাধারণ মানুষকে বিভীষিকার মধ্যে ফেলে দেয়া হয়। হরতালের বিরুদ্ধে জনসাধারণকে রুখে দাঁড়াতে হবে। শিক্ষা হচ্ছে আলোকিত মানুষ, সমাজ ও দেশ গড়ার হাতিয়ার। বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সক্ষম হয়েছে। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার অতীতের সকল রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে। বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ায় শিক্ষা অর্জনের ক্ষেত্রে জনসাধারণ উৎসাহিত হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে এখন ধনী গরীবের বৈষম্য নেই। বর্তমান সরকারের সময়ে সিলেট সদর উপজেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০টি বিদ্যালয়ের নতুন ভবন ইতোমধ্যে তৈরী হয়ে গেছে। শিক্ষাকে মানসম্পন্ন যুগপোযোগী করে তুলতে জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত মনোযোগী হয়ে কাজ করছেন। ২৮ মার্চ বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আয়াতউল্লাহ বুধু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমীরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, বশির মিয়া, সমাজসেবী আবুল কাশেম দুলাল, মছব্বির মিয়া, হুশিয়ার আলী, আব্দুল কাহির, বাবুল হোসেন, আলী হোসেন, মহানগর যুবলীগ নেতা পাপ্পু, শ্রী নান্টু, মানিক মিয়া মেম্বার, উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, গিয়াস মেম্বার, যুব লীগ নেতা কয়েস আহমদ, সোহেল আহমদ। এদিকে উপজেলা চেয়ারম্যান বিদ্যালয় উদ্বোধনের পূর্বে ৯ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত চাতলীবন্দ গ্রামের রাস্তার পার্শ্বে ৭৪৭ ফুট ড্রেনের উদ্বোধন করেন।
আপলোড তারিখ :
2013-03-28
|