|
জিপিএ-৫ পেয়ে বাবা-মার দুশ্চিন্তা বাড়িয়ে দিল মুকুল
এফএনএস (গোলাম মওলা সিরাজ; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : এবারে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে বাবা-মা'র দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে মুকুল। বাবা আব্দুর রশিদ সারাদিন ঠেলাগাড়ী চালিয়ে সামান্য আয়ে সংসার ও ছেলের পড়ালেখার খরচ যোগাতে হিমশিম খেত। তার উপর ছিল প্রতিবন্ধী বড় ছেলের ভরণ-পোষণ। মাধ্যমিকে পড়া হবে কিনা অনিশ্চিত তার। নাগেশ্বরী পৌর এলাকার মালভাঙ্গা গ্রামে বাড়ি। বাবার সম্বল বলতে পৈতৃক সূত্রে পাওয়া ৫শতক জমি। বল্লভপুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল মুকুল। দুই ভাই এক বোনের মধ্যে ছোট। আর একটি ভাই প্রতিবন্ধী। মুকুলের পিতা রশিদ বলেন, পরীক্ষার সময় সবাই ছেলেমেয়েদের নতুন জামাকাপড় দেয়। আমি দিতে পারিনি। খুব কষ্টে শুধু খরচটুকু যুগিয়েছি। মুকুলের ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু স্বপ্ন তার ধোয়াটে। বাবার অভাবী সংসারে পড়াশুনা চালিয়ে যেতে পারবে কিনা জানেনা।
আপলোড তারিখ :
2013-05-10
|