
এফএনএস (সাতকানিয়া, চট্টগ্রাম) : সাতকানিয়ার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী গত বছর ৩ সেপ্টেম্বর এক পাষণ্ড ধর্ষকের দ্বারা নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত /০৩) এর ৯ (১) ধারায় মামলা দায়ের হয়। মামলা নং ৬(৯)১২। বাজালিয়া ইউনিয়নের ৪-৬ নং (বড়দুয়ারা ) ওয়ার্ডের মহিলা মেম্বার জাহানারা বেগমের বখাটে ছেলে ওমর ফারুক (২৪) সুকৌশলে জোরপূর্বক মেয়েটির শ্লীলতাহানি ঘটায়। মামলার পর পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে। সে এখনো জেল হাজতে। এদিকে ছাত্রীটি নির্যাতনের শিকার হলেও উদ্যম হারায়নি। বন্ধ করেনি পড়ালেখা। অনেকের ভ্রুকুটিকে উপেক্ষা করে অব্যাহত রেখেছিল পরীক্ষার প্রস্তুতি। মনে হাজারো যন্ত্রণা এবং সংসারে অজস্র অভাবের দাপাদাপি থাকলেও তা সহ্য করে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। সদ্য ঘোষিত এসএসসি ফলাফলে সে ৪.৫৬ স্কোর অর্জণ করে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। প্রতিটি বিষয়ে ভাল ফল করেছে। ব্যবসায় উদ্যোগ, ধর্ম ও কম্পিউটার শিক্ষায় এ প্লাস এবং অন্যান্য বিষয়সমূহে সে এ গ্রেড় পেয়েছে। যেখানে অনেক ধনীর দুলাল সকল সুযোগ-সুবিধা পাওয়ার পরও অকৃতকার্য হয়েছে সেখানে হত দরিদ্র কর্মজীবি পিতার এই নির্যাতিত কন্যার ঈর্ষণীয় ফলাফলে অনেকেই অভিভূত হয়েছেন।
এদিকে এসএসসিতে ভাল ফল করলেও মহিলা মেম্বার, মেম্বারের স্বামী ইসলাম, আরেক বখাটে ছেলে ফরহাদ ও তাদের লেলিয়ে দেয়া বাহিনীর কারণে দরিদ্র মেয়েটির জীবন চরম হুমকিতে পড়েছে বলে তার দরিদ্র পিতা এ প্রতিবেদককে জানিয়েছেন। এমনিতেই তারা থাকতেন সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের একটি কুঁড়েঘরে। সন্ত্রাসীদের কারণে মেয়েটি এখন সেখানেও থাকতে পারছে না। আগামীতে সে পড়ালেখা চালিয়ে যেতে চায়। লেখাপড়া শেষ করে একটি চাকরি অর্জণ করে দরিদ্র পিতার সংসারে হাসি ফুটিয়ে জীবনকে সফল করতে চায়। এ ব্যাপারে প্রশাসনিক সহায়তা, প্রাতিষ্ঠানিক উদারতা ও সমাজের ধনাঢ্যদের সাহায্য কামনা করেছেন ছাত্রীটর পিতা। তাকে কেউ সাহায্য করতে চাইলে ০১৬ ৮৮ ৯২৩৩৪৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।